মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী
ছবি সংগৃহীত
মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। শনিবার (২৪ অক্টোবর) এসব কাজের উদ্বোধন শেষে তিনি এলাকাবাসীকে উন্নয়নকাজের মান তদারকি করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীর উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় এলাকাবাসীর অন্যতম দাবি ছিল রাস্তাঘাটের উন্নয়ন। সেই দাবি পূরণে সড়কগুলোর কাজ শুরু হয়েছে। এ জন্য মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।
আফরোজা খানম বলেন, সড়কগুলোর কাজ নির্ধারিত সময়ে ও যথাযথ মান বজায় রেখে সম্পন্ন হচ্ছে কি না, তা এলাকাবাসীকে তদারকি করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজের অগ্রগতি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ‘এখন আর আন্দোলনের সময় নয়, এখন দেশ গড়ার সময়, এলাকা গড়ার সময়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নকাজে সহযোগিতা করতে হবে। কোনো ধরনের দলাদলিতে জড়ানো যাবে না। নিজেদের এলাকার উন্নয়নকাজের বিষয়ে সচেতন থাকতে হবে এবং কাজের মান বুঝে নিতে হবে।’
উদ্বোধন করা সড়ক তিনটি হলো—তরা ব্রিজ-গিলন্ড বাজার সড়ক, গিলন্ড জামে মসজিদ থেকে মুন্নু ফেব্রিকস হয়ে গিলন্ড জিপিএস সড়ক এবং গড়পাড়া ইউনিয়ন অফিস থেকে চান্দইর বাজার হয়ে শাহা সুফি বন্দে আলী মাজার সড়ক।
তরা ব্রিজ-গিলন্ড বাজার সড়কের দৈর্ঘ্য ১ হাজার ৭০০ মিটার ও প্রস্থ ১২ ফুট। সড়কটির উন্নয়নকাজে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকার বেশি। আগামী বছরের ৩০ মে’র মধ্যে কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গিলন্ড জামে মসজিদ থেকে মুন্নু ফেব্রিকস হয়ে গিলন্ড জিপিএস সড়কের এক কিলোমিটার অংশের রক্ষণাবেক্ষণে ব্যয় হবে ৮৬ লাখ ১৪ হাজার টাকার বেশি। আগামী ২ ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করার কথা রয়েছে।
অন্যদিকে, গড়পাড়া ইউনিয়ন অফিস থেকে চান্দইর বাজার হয়ে শাহা সুফি বন্দে আলী মাজার সড়কের ১ হাজার ৪৮০ মিটার অংশ সংস্কার করা হবে। সড়কটির প্রস্থ ৩ দশমিক ০৫ মিটার। এ কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার টাকার বেশি। আগামী বছরের ২৭ ফেব্রুয়ারির মধ্যে কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জের রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকার উন্নয়নকাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। এ জন্য তিনি এলাকাবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।
তিনি বলেন, ‘বিগত ১৭ বছরে মানিকগঞ্জে তেমন কোনো উন্নয়ন হয়নি। সম্পদের সীমাবদ্ধতার কারণে সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে সব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। মানিকগঞ্জের উন্নয়নে যা যা প্রয়োজন, তা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে আমি নিয়ে আসব। আপনারা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন। ইনশাল্লাহ, মানিকগঞ্জের প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।’
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
