গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ইউনিটগুলো।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় অবস্থিত সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গোডাউনে আগুন লাগে। প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে।
পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
