শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় দুই জন গ্রেপ্তার
নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিংয়ের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- মান্দা উপজেলার ১২নং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামানিকের ছেলে। অপরজন মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল সরকার (৫০)। তিনি মান্দা সদর ইউনিয়ন নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে।
পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ওই ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে জেলা পুলিশ কাজ শুরু করে। এবং তারই ধারাবাহিকতায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গতকাল রাতেই দুজন ফ্যাসিস্ট নেতা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিল সরকারকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে মাইকিংয়ে ব্যবহৃত অটো রিকশাটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার শহিদুল ইসলাম শহীদ বিষয়টি জানেন মর্মে পুলিশের কাছে স্বীকার করেছেন।
প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে মাইকিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে প্রচার করা হয়। একই সঙ্গে শেখ হাসিনাকে স্বাগত জানানোর আহ্বানও জানানো হয়।
