তিনবিঘা করিডরে বিএসএফ ও ভারতীয় পুলিশের মারধর! বিজিবির প্রতিবাদ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডরে দহগ্রাম ইউনিয়নের দুই বাসিন্দাকে মারধরের অভিযোগ উঠেছে করিডরে দায়িত্বরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশের বিরুদ্ধে। ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হলে, বিএসএফ পতাকা বৈঠকে এসে দুঃখ প্রকাশ করেছে। ভবিষ্যতে এমন ঘটনা না ঘটাতে বিজিবির পক্ষ থেকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
জানা যায়, গত ১৯ অক্টোবর পাটগ্রাম থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক দহগ্রামের দিকে রওনা হয়। করিডরের প্রবেশমুখে পৌঁছালে ইজিবাইকটি থামায় সেখানে দায়িত্বরত ভারতীয় বিএসএফ ও পুলিশ সদস্যরা। বিনা কারণে দীর্ঘ সময় ইজিবাইকটি আটকে রাখা হলে এর প্রতিবাদ জানান চালক। এতে ক্ষিপ্ত হয়ে বিএসএফ ও ভারতীয় পুলিশ সদস্যরা চালককে মারধর শুরু করে। দৃশ্যটি দেখে ইজিবাইকে থাকা যাত্রী শামসুল হক প্রতিবাদ করলে, তাকেও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ডান হাতে প্রচণ্ড আঘাত পান তিনি।
ঘটনার পরপরই আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, কোনো কারণ ছাড়াই প্রায় সময় করিডরের প্রবেশমুখে বাংলাদেশী যানবাহন ও পথচারীদের এভাবে হয়রানি করে ভারতীয় বিএসএফ ও পুলিশ। এ ঘটনায় বর্তমানে দহগ্রাম-আঙ্গরপোতার বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
এদিকে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে ভারতকে অফিশিয়ালি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্তে শান্তি বজায় রাখার পাশাপাশি করিডরে বাংলাদেশী নাগরিকদের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
