কারও ভোটব্যাংক হবেন না: সনাতন ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী
সনাতন ধর্মাবলম্বীদের কারও ভোটব্যাংক হিসেবে বিবেচনা করার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী জেএম সেন হলে তারা সবসময় এসেছেন। তবে তাদের আগেও কেউ কেউ এখানে এসে সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমাদের স্বাধীনতার শহীদ মুক্তিযোদ্ধাগণ এরকম একটি বাংলাদেশ চেয়েছিলেন যেখানে ধর্মীয় সম্প্রীতি থাকবে। আমি খুব সচেতনভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটা এড়িয়ে চলি। কারণ আমরা কোথাও আইনিভাবে সম্প্রদায়কে স্বীকৃতি প্রদান করি না। পৃথিবীর সব দেশে বিভিন্ন ধর্মের মানুষ কমবেশি থাকে। সেখানে সংখ্যাগরিষ্ঠ থাকে। কিন্তু আমরা এখানে কাউকে সংখ্যালঘু হিসেবে তুলনা দিতে চাই না। সেই জন্য আমরা সবাই বাংলাদেশি সিটিজেন, বাংলাদেশি নাগরিক। এই পরিচয়টা নতুনভাবে অনুধাবন করার জন্য চব্বিশ-পরবর্তী বাংলাদেশে আমরা যে সংস্কৃতি চালু করেছি, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও বলেন, আমরা এ দেশের সনাতন ধর্মাবলম্বী ও বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বীরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। গণ-অভ্যুত্থানে সব ধর্মাবলম্বী ভাইয়েরা রক্ত ঝরিয়েছে এই ফ্যাসিবাদমুক্ত হওয়ার জন্য।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ধর্মের ভিত্তিতে বিভাজন চাই না। ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি করি না। ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না। সুতরাং যারা আপনাদেরকে ভোট ব্যাংক হিসেবে সব সময় মনে করেছিল, তাদের ভ্রম ভেঙে দিয়েছিলেন গতবার। আপনারা আস্থা প্রকাশ করেছেন, আমরা বিশ্বাস রেখেছি। আস্থা এবং বিশ্বাসের প্রতীক আমাদের নেতা তারেক রহমান।
