পোষা বিড়াল পিটিয়ে হত্যার অভিযোগ, মরদেহ নিয়ে থানায় মালিক
কক্সবাজারের চকরিয়ায় প্রতিবেশীর বিরুদ্ধে পোষা বিড়ালকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী শামসুল আলম লোহার খাঁচায় বিড়ালটির মরদেহ নিয়ে চকরিয়া থানায় যান এবং অভিযুক্ত ফরিজা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
শামসুল আলম জানান, দীর্ঘদিন ধরে তিনি বিড়ালটিকে সন্তানের মতো আদর-যত্নে লালন-পালন করে আসছিলেন। সোমবার সকালে বাড়ির পেছনে ছাগল বেঁধে দিতে গেলে বিড়ালটিও তার সঙ্গে যায়। এ সময় প্রতিবেশী ফরিজা বেগমের পোষা কুকুরটি বিড়ালটিকে কামড়াতে চেষ্টা করলে শামসুল আলম কুকুরটিকে সরিয়ে দেন। এর জেরে ক্ষিপ্ত হয়ে ফরিজা বেগম লাঠি দিয়ে বিড়ালটিকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেন তিনি।
প্রিয় পোষা প্রাণীটিকে হারিয়ে শামসুল আলম বলেন, ‘এই বিড়াল আমার সন্তানের মতো। কোনো অপরাধ ছাড়াই ওকে এভাবে নিষ্ঠুরভাবে পিটিয়ে মেরে ফেলা হলো, যা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। বিড়াল হত্যায় জড়িত নারীর কঠিন শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কেউ কোনো অবলা প্রাণীর প্রতি এমন আচরণ করার সাহস না দেখায়।’
এদিকে অভিযুক্ত ফরিজা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অবলা প্রাণী হত্যা করাও আইনগত অপরাধ। পোষা বিড়াল হত্যার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
