শেরপুরে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা উদযাপন
সংগৃহীত ছবি
শেরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা উদযাপন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জেলার নয়আনী বাজারের পোদ্দার বাড়িতে এ পূজার আয়োজন করা হয়। এতে ভক্তদের উপচেপড়া ভিড় দেখা যায়।বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে পূজা চলে দুপুর ২টা পর্যন্ত। হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী বালিকার মধ্যে দেবী দুর্গার প্রতিচ্ছবি কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা।
এবারের পূজায় কুমারী হিসেবে পূজা করা হয় আট বছর বয়সী আরাধ্যা চক্রবর্তীকে। শাস্ত্রীয় নাম পূঞ্জিকা। পূজার আগে তাকে স্নান করিয়ে শাড়ি, ফুলের মালা, মুকুট, পায়ে আলতা ও কপালে টিপ পরিয়ে সাজানো হয়। এরপর পর্দায় ঢাকা মণ্ডপে অধিষ্ঠিত করা হয় কুমারী মাকে। পূজা শুরুর পর পর্দা সরিয়ে দেওয়া হয়।
অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস—এই পাঁচ উপকরণে কুমারী মায়ের পূজা করা হয়। অর্ঘ্য নিবেদন শেষে দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। পরে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। এ সময় ভক্তদের উলুধ্বনি ও দেবী দুর্গার জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ। ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা ও শঙ্খের ধ্বনিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, জেলার সব পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে এসআরবি ও বিজিবি মোতায়েন রয়েছে।
