নীলফামারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত
নীলফামারীতে বাসের ধাক্কায় শাহিনুর রহমান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলম আহত হন।
রোববার (১৮ অক্টোবর) সকালে নীলফামারী শহরের নটখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুর রহমান সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি এলাকার আমিনুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। আহত মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলম শহরের উকিলের মোড় এলাকার মোসাব্বর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০ টায় নীলফামারী থেকে ছেড়ে আসা একটি বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শাহিনুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত জাহাঙ্গীর আলম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, সকালে নটখানা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। তাঁকে প্রথমে নীলফামারী হাসপাতালে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। বাসটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা হয়েছে।
