অনলাইন জুয়া খেলার সরঞ্জামসহ বাবা-ছেলে আটক
সংগৃহীত ছবি
ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া খেলার সরঞ্জাম, কম্পিউটার ও মোবাইলসহ বাবা-ছেলেকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মহেশপুর উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামের ফাতিউল আলম (৫৬) ও তার বড় ছেলে আকাশ আলী (২৬)। এই ঘটনায় ফাতিউল আলমের ছোট ছেলে পলাশ হোসেন ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
শনিবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহ ডিবি পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের একটি বাড়িতে বসে দেশী ও বিদেশী বিভিন্ন চক্রের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা আসর চলছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওই গ্রামের ফাতিউল আলমের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি চৌকস দল। অভিযানকালে জুয়া খেলা অবস্থায় ফাতিউল আলম ও তার বড় ছেলে আকাশ আলীকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাতিউলের ছোট ছেলে পলাশ হোসেন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পরে ওই বাড়ির একটি কক্ষ তল্লাশি করে জুয়া খেলায় ব্যবহৃত কম্পিউটার, একাধিক মোবাইল ফোন এবং অনলাইন জুয়া খেলার বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
ডিবি পুলিশের ওসি শরিফুল ইসলাম আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও জুয়া আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মহেশপুর থানার মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে। পলাতক আসামিকে গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
