ব্রাহ্মণবাড়িয়ায় বাজারে আগুনে পুড়ল মালামাল
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক একটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মোঃ মামুন মিয়া ও শাহজালাল মিয়া।
বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে সলিমগঞ্জ বাজারের একটি মিষ্টির দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী একটি প্লাস্টিক সামগ্রীর দোকানে আঘাত হানে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয়রা দীর্ঘ দুই ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন পুরোপুরি নেভানোর আগেই মিষ্টির দোকান ও প্লাস্টিক সামগ্রীর দোকান দুটির ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি আমি অবহিত নই। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যদি উপজেলা প্রশাসনে আবেদন করেন তাহলে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।
