কৃষিজমির উর্বর মাটি দিয়ে ইট তৈরি না করার আহ্বান
সংগৃহীত ছবি
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ইটভাটায় আগুন না দেওয়া এবং ইট পোড়াতে জ্বালানি কাঠ ও কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর। এ বিষয়ে সচেতনতা বাড়াতে শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন ইটভাটায় লিফলেট বিতরণ করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়।
বিশেষ করে সনাতন প্রযুক্তির ড্রাম চিমনি ও ফিক্সড চিমনিবিশিষ্ট অবৈধ ইটভাটাগুলোকে লক্ষ্য করে এ কর্মসূচি চালানো হয়। এসব ভাটায় আগুন দেওয়া থেকে বিরত থাকা এবং ইট তৈরিতে পরিবেশের জন্য ক্ষতিকর উপকরণ ব্যবহার না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করলে বায়ুদূষণ বাড়ে। অন্যদিকে, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইট তৈরিতে ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়। এতে কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
এ কারণে অবৈধ ইটভাটার কার্যক্রম থেকে বিরত থাকা এবং ইট প্রস্তুতের ক্ষেত্রে জ্বালানি কাঠ ও কৃষিজমির টপসয়েল ব্যবহার না করার বিষয়ে সচেতনতা তৈরিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান ও পরিদর্শক চন্দন বিশ্বাস উপস্থিত ছিলেন। তারা উপজেলার বিভিন্ন ইটভাটায় লিফলেট বিতরণের মাধ্যমে সংশ্লিষ্টদের সতর্ক করেন।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান বলেন, অবৈধ ইটভাটায় আগুন দেওয়া এবং ইট তৈরিতে জ্বালানি কাঠ ও কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ বিধি লঙ্ঘন করে কেউ যেন ইটভাটার কার্যক্রম পরিচালনা না করেন, সে বিষয়ে আমাদের নজরদারি অব্যাহত থাকবে।
