ঝিনাইদহে হত্যার দায়ে দুইজনের ফাঁসি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের মশিয়ার রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
সোমবার (৪ মার্চ) দুপুরে সিনিয়র দায়রা জজ মো. নাজিমুদৌলা এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, আদর্শ আন্দুলিয়া গ্রামের লিটন বিশ্বাস ও মো. মনিরুল বিশ্বাস রেন্টু।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৬ মে মশিয়ার রহমান বাড়ির বৈঠকখানায় বসেছিলেন। এ সময় আসামিরা তাকে টেনে হিঁচড়ে মনিরুলের বাড়ির টিউবওয়েলের পাশে নিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরের দিন তার ছোট ভাই মতিয়ার রহমান বাদী হয়ে আটজনের নামে হরিণাকুণ্ডু থানায় মামলা করেন।
ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা এএসআই ব্রজেন কুমার দাশ প্রাথমিক সত্যতা পেয়ে ২০১৪ সালের ২৫ নভেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার ১ নম্বর আসামি লিটন বিশ্বাস ও ২ নম্বর আসামি মনিরুল বিশ্বাসকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত । এছাড়াও, এ দু’জনের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়। এছাড়া, বাকি আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার প্রধান আইনজীবী পিপি ইসমাইল হোসেন বলেন, “আমরা এ রায়কে স্বাগত জানাই। যারা দোষ করবে তাদের শাস্তি পেতে হবে। তাহলে সমাজে আইন অমান্যের ঘটনা ঘটবে না”।
