লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রেপ্তার
সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী (৪০) নামে এক ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার চাপারহাট চব্বিশ হাজার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইউসুফ আলী কালীগঞ্জ উপজেলার কাঞ্চনশর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি স্থানীয় ‘নিউ রূপসী বাংলা’ ক্লিনিকের পরিচালক এবং ভুক্তভোগী স্কুলছাত্রীর প্রতিবেশী বলে জানিয়েছে র্যাব।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর ছয় মাস বয়সী ছোট ভাই অসুস্থ হয়ে পড়লে তার মা চিকিৎসার জন্য লালমনিরহাটে যান। এ সময় ওই ছাত্রী বাড়িতে একা থাকার সুযোগে ইউসুফ আলী বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ সময় ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ইউসুফ আলী পালিয়ে যান। পরে বাড়িতে ফিরে মেয়ের কাছ থেকে ঘটনা জানতে পারেন তার মা। তিনি মেয়েকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই ইউসুফ আলী আত্মগোপনে ছিলেন।
র্যাব-১৩ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৩টা ২০ মিনিটে চাপারহাট চব্বিশ হাজার গ্রামের এরশাদ আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব।
