দরিদ্রের চিকিৎসায় প্রবাসীদের উদ্যোগ
ফ্রি মেডিকেল ক্যাম্প
একে তো বয়সের ভার, সাথে নানা রকম শারীরিক অসুস্থতা। অভাব তো আছেই। দারিদ্র, রোগ, বয়স- সব মিলিয়ে নাজুক অবস্থায় জীবন পার করছেন ৭৫ বছর বয়সী মমতাজ বেগম। অর্থাভাবে চিকিৎসা করতে পারছিলেন না চাঁদপুরের ফরিদগঞ্জের অসহায় এই বৃদ্ধা। তাই গ্রামে বিনা পয়সায় ডাক্তার দেখাতে পারবেন শুনে, লাঠিতে ভর করে এসেছেন ডাক্তার দেখাতে।
শনিবার (২ মার্চ) ফরিদগঞ্জের মান্দারতলি গ্রামে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে সেবা পেয়ে প্রাণ ভরে উদ্যোক্তাদের জন্য দোয়া করলেন মমতাজ বেগম।
শুধু বৃদ্ধা মমতাজই নন, তাঁর মতো অন্তত: ৫০ জন অসহায় মানুষ বিনামূল্যে ডাক্তার দেখাতে এসেছেন এই ফ্রি মেডিকেল ক্যাম্পে। মান্দারতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই ক্যাম্পে সেবা নিতে পেরে খুশি তারাও।
এই ফ্রি মেডিকেল ক্যাম্প বসে প্রতি মাসের ২ তারিখে। এলাকাবাসীকে নিয়মিত মেডিকেল সেবা দিতে পেরে নিজেদের গর্বিত মনে করছেন এই সংগঠনের নেতারাও। তাঁদের আশা, এইরকম সেবাদান কর্মসূচি তারা অব্যাহত রাখবেন।
অসহায়, দরিদ্র মানুষকে সেবা দিতে পেরে আনন্দিত চিকিৎসক মান্দারতলীর সাবেক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল ভূঁইয়াও।
মান্দারতলী প্রবাসী কল্যাণ সংগঠন বিনামূল্যে সেবাদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধও সরবরাহ করে। এই কার্যক্রম এলাকায় অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
