সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক
নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগে তার স্ত্রী শিউলী বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলকে আটক করেছে পুলিশ। পাশের পুকুর থেকে হত্যায় ব্যবহৃত দা ও মা-ছেলের রক্তমাখা জামা-কাপড় উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ মে) সকালে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা গিয়ে নিজ ঘরে রুবেলের গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গত রাতে স্ত্রী-ছেলের সাথে নিহত রফিকুল ইসলাম রুবেলের ঝগড়া হয়। এরপর সে পৃথক ঘরে ঘুমাতে যায়।
আটককৃতরা হত্যার কথা স্বীকার করলেও কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে জিজ্ঞাসাবাদে তা স্পষ্ট হবে বলে জানান সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, 'মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় তার স্ত্রী-ছেলেকে আটক করা হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'
নিহত রফিকুল ইসলাম রুবেল উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
