এলজিইডির প্রকৌশলীর চেয়ারে বসায় সমালোচনার মুখে এমপি
গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামীর নেতা সালাহ উদ্দিন আইউবী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসেছেন।
রোববার (৩ মে) সকালে তিনি গাজীপুর এলজিইডি অফিস পরিদর্শনে গেলে নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান নিজের চেয়ার ছেড়ে দিয়ে তাকে বসতে দেন। এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে গাজীপুর বারের আইনজীবী আসাদুল্লাহ বাদল বলেন, পদমর্যাদা ও ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী সংসদ সদস্যের পদমর্যাদা অনেক উপরে হলেও এটি দাপ্তরিক কাজ পরিচালনায় কোনো কর্মকর্তার চেয়ারে বসার অধিকার দেয় না। পরিদর্শনে গেলে বা সভায় সভাপতিত্ব করলে তার জন্য আলাদা সম্মানজনক আসনের ব্যবস্থা করা হয়।
তিনি আরও বলেন, প্রশাসনিক শিষ্টাচার অনুযায়ী এমপির সরকারি কর্মকর্তার দাপ্তরিক চেয়ারে বসা উচিত নয়; এটি দেখতে অসুন্দর।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান বলেন, এমপি সাহেব আগের দিনই বলেছিলেন তার নির্বাচনি এলাকার এলজিইডির কার্যক্রম সম্পর্কে জানতে আসবেন। তিনি আসার পর ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাকে নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসতে দেওয়া হয়। পরে অবশ্য তিনি সোফায় গিয়ে বসেছিলেন।
সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী বলেন, তিনি এলাকার উন্নয়ন কাজের খোঁজখবর নিতে এলজিইডি অফিসে গিয়েছিলেন এবং নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসার বিষয়ে বলেন, উনারা বসতে দিয়েছেন, পরে তিনি সোফায় গিয়ে বসেন।
