নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই চালক নিহত, গুরুতর আহত ৬
নরসিংদী-টঙ্গী সড়কের ভাগদী এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই পরিবহনেরই চালক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ৬ যাত্রী।
শনিবার ভোর চারটার দিকে পলাশ উপজেলার নরসিংদী-ঘোড়াশাল-টঙ্গী সড়কের ঘোড়াশালের ভাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মো: নাইবুল ইসলাম।
নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাবইকান্দি সদর উপজেলার নিজাম উদ্দিনের ছেলে ও এনা পরিবহনের চালক মোঃ সহিদ (৪১)। অপর নিহত কাভার্ডভ্যানের চালকের নাম-ঠিকনা পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শনিবার ভোরে পলাশের নরসিংদী-ঘোড়াশাল-টঙ্গী সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা এক কার্ভাডভ্যানের সাথে দ্রুতগতির এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মো: ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক নিহত হয়। গুরুতর আহত আরো ৬ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন ও পরিদর্শক (তদন্ত) মোঃ জসিম উদ্দিনসহ পুলিশের সদস্যরা।
দুর্ঘটনা কবলিত এনা পরিবহন ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
