এনসিপি বাগেরহাট সদর উপজেলায় অর্ধশত নেতাকর্মীর পদত্যাগ
সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ জন শীর্ষ নেতা এবং প্রায় অর্ধশত নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী হুসাইন জানান, তিনি ২০২৫ সালের ৩ জুন থেকে ২০২৬ সালের ১১ জানুয়ারি পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার ও প্রত্যয় নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও সমীকরণে তার সঙ্গে বড় ধরনের অসামঞ্জস্য দেখা দিয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, নতুন বন্দোবস্ত ও রাষ্ট্রগঠনের যে স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে তারা এনসিপির সঙ্গে যুক্ত হয়েছিলেন, তা থেকে দলটি সরে এসেছে। তাদের নিজস্ব রাজনৈতিক দর্শনের সঙ্গে এনসিপির বর্তমান রাজনৈতিক দর্শনের সংঘর্ষ হওয়ায় দলটির সঙ্গে আর পথচলা সম্ভব হচ্ছে না। এ কারণেই তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারী অন্য নেতাদের মধ্যে রয়েছেন যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।
