বরিশালে আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক
বরিশালের বানারীপাড়া উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে আগ্নেয় ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বুধবার দিনগত গভীর রাতে বানারীপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান। আটক তারিকুল ইসলাম তারেক, বয়স ৪৭ বছর, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
থানার ওসি মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামে তারিকুল ইসলাম তারেকের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে একটি পাইপ গান, আট রাউন্ড কার্তুজ, দুটি ছ্যানা এবং একটি রামদা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানার উপপরিদর্শক সিদ্বার্থ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তারিকুল ইসলাম তারেককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
