শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত
ছবি: সংগৃহীত
শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকার এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটলে মারা যান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে গত শনিবার দিবাগত রাত থেকেই দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে।
বৃহস্পতিবার ভোরে আবার বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায় এলাকাবাসীর। পরে সেখানের একটি রসুন ক্ষেতে সোহান বেপারী (৩২) নামের এক যুবকের মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। মরদেহের শরীরে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
