কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থীকে হুমকি, খোঁজ নিলেন তারেক রহমান
সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে একটি উড়ো চিঠি পাঠানো হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডাকযোগে চিঠিটি পান তিনি।
চিঠির খামের ভেতরে একটি সাদা কাপড়ের টুকরোও পাওয়া গেছে। চিঠিতে তারিখ দেওয়া রয়েছে ২৩-১২-২৫। প্রেরক হিসেবে উল্লেখ করা হয়েছে কথিত ‘ব্যাটালিয়ন-৭১’-এর কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলমের নাম।
চিঠিতে লেখা হয়,“জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন।”
চিঠিতে আরও বলা হয়, অন্যথায় তার পরিণতি ‘শরীফ ওসমান হাদীর মতো’ হবে। এতে উল্লেখ করা হয়, “আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।”
ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে অবগত হওয়ার পর বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
শাহজাহান চৌধুরী বলেন, “দলের প্রধান তারেক রহমান বিষয়টি জানতে পেরে খোঁজ নিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এমন পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিলাম।”
উড়ো চিঠির ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে রোববার সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনি এলাকায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভাকালে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী হুমকির বিষয়টি তুলে ধরলে নির্বাচন কমিশনার তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
