নেত্রকোণার ৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৩০ প্রার্থী
সংগৃহীত
২০২৬ এর ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২৯ ডিসেম্বর) ছিল নির্বাচনে অংশগ্রহণকারীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ দিন বিকেল ৫টা পর্যন্ত নেত্রকোণা জেলার ৫টি আসনে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমাদান করেছেন।
নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) : আসনটিতে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, খেলাফত মজলিশ থেকে গোলাম রব্বানী, জাতীয় পার্টি থেকে আনোয়ার হোসেন খান শান্ত, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আ. মান্নান সোহাগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে মো. বেলাল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে মো. আলকাছ উদ্দিন মীর ও স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান (ডিপ্টি)।
আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ১৮২। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৩১ হাজার ৭৬৫, নারী ২ লাখ ২৪ হাজার ৪১২ ও হিজড়া ৫ জন।
নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) : এই আসনেও মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মো. আনোয়ারুল হক, জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর মাওলানা এনামূল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল কাইয়ুম, ইসলামী ঐক্যজোটের মো. শরিফ উদ্দিন তালুকদার, জাতীয় পার্টির এবিএম রফিকুল ইসলাম তালুকদার, এনসিপির মো. ফাহিম রহমান খান পাঠান ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুর রহিম।
আসনটিতে মোট ভোটার ৫ লাখ ২ হাজার ৪৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫২ হাজার ৩৭৯, নারী ২ লাখ ৫০ হাজার ৪৭ ও হিজড়া ১২ জন।
নেত্রকোণা- ৩ (কেন্দুয়া-আটপাড়া) : এই আসনে মোট প্রার্থীর সংখ্যা ৬। তারা হলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম হিলালী, জাতীয় পার্টির মো. আবুল হোসেন তালুকদার, ইসলামী ঐক্য ফ্রন্ট বাংলাদেশের মো. শামছুদ্দোহা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাকির হোসেন, বিএনপির বিদ্রোহী হিসেবে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল, জামায়াতে ইসলামীর জেলা কমিটির শুরা ও কর্মপরিষদ সদস্য খায়রুল কবির নিয়োগী।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ২০ হাজার ৪৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ১৪ হাজার ৮৯০, নারী ২ লাখ ৫ হাজার ৭৮৭ ও হিজড়া ১৯ জন।
নেত্রকোণা- ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) : এই আসনে বিএনপি থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও স্বতন্ত্র থেকে তার স্ত্রী তাহমিনা জামানসহ মোট -৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমাদান করেছেন। অন্যান্য প্রার্থীগণ হলেন- ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জলি তালুকদার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির চম্পা রানী সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মুখলেছুর রহমান।
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৯০ হাজার ৩২১, নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৯৭৩ ও হিজড়া ১৪ জন।
নেত্রকোণা- ৫ (পূর্বধলা) : এই আসনে প্রার্থী সংখ্যা ৪ জন। তারা হলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জামায়াতে ইসলামীর মাসুম মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নূরুল ইসলাম ও জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান আজাদ।
আসনটিতে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ১১৭। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ৮৯৮, নারী ১ লাখ ৪২ হাজার ২১৭ ও হিজড়া ২ জন।
