কোটালীপাড়ায় থানায় ককটেল হামলা, আহত তিন পুলিশ সদস্য
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে থানা চত্বরে একটি এবং উপজেলা পরিষদের দিকে দুটি ককটেল ছোড়া হয়।
আহতদের মধ্যে আছেন নারী কনস্টেবল আইরিন নাহার, কনস্টেবল আরিফ হোসেন এবং নজরুল ইসলাম। বিস্ফোরণের সময় তারা দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। তাদের শরীরে স্প্লিন্টারের আঘাত লাগলেও তা গুরুতর নয়। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, রাত ১০টার দিকে থানায় ও উপজেলা পরিষদের দিকে ককটেল ছোড়া হয়। বড় ধরনের কোনো ক্ষতি না হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
সেকেন্ড অফিসার এসআই মামুন জানিয়েছেন, মোট তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।
