তথ্য সংগ্রহে গিয়ে লালমনিরহাটে দুই সাংবাদিক হামলার শিকার
সংগৃহীত
লালমনিরহাটে একটি এনজিও প্রকল্পের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বানভাসা মোড়ে অবস্থিত বেসরকারি সংস্থা ইউএসডিও (USDO) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
মারধনের শিকার দুই সাংবাদিক হলেন, আরটিভির লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান এবং তার ক্যামেরাপার্সন আরিফুল ইসলাম।
ঘটনার পর মিজানুর রহমান ইউএসডিওর চার কর্মকর্তাকে আসামি করে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, সরকারি অর্থায়নে সিসিপি প্রকল্পের আওতায় পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ইএসডিও–ইকো ইনস্টিটিউট অব টেকনোলজি (EIT) ‘তিস্তা টেকনিক্যাল সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট (TTCHD)’ নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে। ওই প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করতে সাংবাদিকরা দুপুর ২টার দিকে কার্যালয়ে যান।
মিজানুর রহমান জানান, “আমরা প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করে কিছু অনিয়মের প্রমাণ পাই। ইনচার্জ খাদেমুল ইসলামের কাছে ব্যাখ্যা চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। কিছুক্ষণ পর কয়েকজন কর্মকর্তা আমাদের ওপর চড়াও হয়ে বলে, ‘রশি আনো, এদের বেঁধে রাখবো।’ এরপর তারা গেটে তালা মেরে আমাদের আটকে রাখে, মারধর করে এবং মোবাইল ফোন কেড়ে নেয়।”
অভিযোগে ইউএসডিওর কর্মকর্তা সুজন মিয়া, এরশাদ আলী, রমজান আলী ও ইনচার্জ খাদেমুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ইউএসডিওর এক ট্রেইনার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সাংবাদিকরা হঠাৎ এসে প্রশ্ন করলে আমরা কিছুটা বিব্রত হই। পরবর্তীতে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।”
সাংবাদিক মিজানুর রহমান বলেন, “আমরা দায়িত্বের অংশ হিসেবে তথ্য সংগ্রহে গিয়েছিলাম। কিন্তু বিনা উসকানিতে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়, আমিও উপস্থিত ছিলাম। মিজানুর রহমান লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
