ফুলবাড়ীতে ডিঙি নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলায় হাজারও দর্শনার্থীর ঢলে মুখরিত
সংগৃহীত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরহুম শামছুল পাগলার স্মৃতিচরণে সাতদিনব্যাপী ঐতিহ্যবাহী ডিঙি নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শেষ বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি খাড়াপাড়া এলাকায় বারোমাসিয়া নদীতে সাতদিনব্যাপী ডিঙি নৌকা বাইচের ফাইনাল খেলা দেখতে নদীর দুই তীরে হাজার হাজার দর্শনার্থীর ঢলে মুখরিত হয়ে ওঠে।
ডিঙি নৌকার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মো. সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রদলের সভানেতা মাহফুজুর রহমান মাসুমসহ ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে আমির হোসেন মুন্সি ও দুলাল মিয়া এবং তরুণ যুব সমাজসহ স্থানীয়দের নিজ উদ্যোগে মরহুম শামছুল পাগলার স্মৃতিচরণে সাতদিনব্যাপী ডিঙি নৌকা বাইচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় ২৯ সেপ্টেম্বর।
আয়োজকরা জানিয়েছেন, ষষ্ঠ দিনের মতো শুক্রবার বিকেলে ডিঙি নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ডিঙি নৌকা বাইচে প্রথম পুরস্কার পেয়েছে বোয়াইলবাড়ী এলাকার একতা সৈনিক, দ্বিতীয় পুরস্কার পেয়েছে খাড়াপাড়া এলাকার খাজাবাবা নিজামুদ্দিন আওলিয়া, তৃতীয় পুরস্কার পেয়েছে আনন্দবাজার এলাকার দাদানাতি, এবং চতুর্থ পুরস্কার পেয়েছে ওবদা বাজার এলাকার আলোকিত ওবদা বাজার।
খেলা শেষে সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ী বাইচালদের হাতে প্রথম পুরস্কার খাঁসি ছাগল, দ্বিতীয় পুরস্কার মাঝারি ছাগল, তৃতীয় পুরস্কার বাটন মোবাইল ফোন ও চতুর্থ পুরস্কার হিসেবে দেয়াল ঘড়ি তুলে দেন।
আয়োজক কমিটির অন্যতম সদস্য আমির হোসেন মুন্সি ও দুলাল মিয়া জানান, মরহুম শামছুল পাগলার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতিচরণে সাতদিনব্যাপী ডিঙি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাদের নিজ উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়েছে। খেলায় মাত্র ৪০০ টাকা ফি নির্ধারণ করা হলে স্থানীয়সহ দূরদূরান্ত থেকে আসা ১২টি ডিঙি নৌকা অংশগ্রহণ করে।
এই প্রথম এলাকায় ডিঙি নৌকা বাইচ হওয়ায় বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ লোকজন অত্যন্ত আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতাটি উপভোগ করেছেন। আল্লাহর রহমতে সামনে বড় নৌকা বাইচের আয়োজন করা হবে।
