সুন্দরগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত
প্রতীকী ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী বাস সোনালী পরিবহনের ধাক্কায় মো. রাজু মিয়া (৪০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সদর মহিলা দাখিল মাদ্রাসার দক্ষিণে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে। আহত দুজন হলেন সাদুল্লাপুর উপজেলার সান্দিয়াপুর গ্রামের মো. আবদুর রশিদ মিয়া প্রামাণিকের ছেলে মো. আলমগীর হোসাইন (৩৮) এবং কামাপাড়া গ্রামের মো. আতোয়ার রহমান (৬০)।
আহতদের মধ্যে মো. আতোয়ার রহমান গুরুতর জখম হওয়ায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়েছে। অপর আহত মো. আলমগীর হোসাইনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আহত মো. আলমগীর হোসাইন বলেন, "আমরা ভ্যানে করে সুন্দরগঞ্জ শহরের দিকে যাচ্ছিলাম। এ সময় বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী বাসটি আমাদের ভ্যানটিকে ধাক্কা দিলে যাত্রীসহ ভ্যানটি উল্টে যায়। পরে স্থানীয়রা আমাদের দ্রুত উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রাজু মিয়াকে মৃত ঘোষণা করেন ও আতোয়ার রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।"
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
