লক্ষ্মীপুরে মা-মেয়ে হত্যা ঘটনায় এখনও আটক হয়নি কেউ, হয়নি মামলা
লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় পুলিশ তৎপর থাকলেও এখনো কাউকে আটক করতে পারেনি, হয়নি মামলাও। জানা যায়নি হত্যার মোটিভ। তবে ঘটনার তদন্ত চলছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে নিহত মা-মেয়ের মরদেহ ময়নাতদন্ত শেষে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বাড়িতে পৌঁছালে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী শোকাচ্ছন্ন হয়ে পড়েন। পরে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মর্মান্তিক এ ঘটনার রহস্য উদঘাটন করে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গলবাড়িতে দুর্বৃত্তরা জুলেখা বেগম (৫৫) ও তার কলেজপড়ুয়া মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) গলা কেটে হত্যা করে। এ সময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারও লুট করে নিয়ে যায় তারা।
নিহত জুলেখা বেগম রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং মীম তাদের মেয়ে। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, “ভিকটিমের বাবা অথবা ভাই এজাহার দায়ের করবেন, আমরা মামলা নেব। সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। আমাদের এক্সপার্ট টিম কাজ করছে, আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে। দ্রুত ঘাতকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
