লন্ডনের মতো বাংলাদেশ দেখতে চান তারেক রহমান: টুকু
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমান লন্ডনের মতো বাংলাদেশ দেখতে চান। তারেক রহমানের কথা ও বার্তায় মানুষ আশ্বস্ত হচ্ছেন। তারা বলছেন, তাঁর মতো একজন প্রধানমন্ত্রীই এখন বাংলাদেশের প্রয়োজন। আল্লাহর রহমতে তিনি-ই হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী। তারেক রহমান বাংলাদেশকে আরও অনেক উঁচুতে নিয়ে যাবেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। প্রত্যেকেই সামাজিকভাবে অপরাধী ছিল। সমাজে লুটপাট করার কারণে তাদের ঐতিহ্যবাহী সংগঠনের প্রতি বিগত ১৭ বছর মানুষের অনীহা তৈরি হয়েছিল। ১৭ বছরের আন্দোলন একপর্যায়ে গিয়ে বিস্ফোরণে রূপ নেয়, যেখানে ছাত্র-জনতা সর্বোচ্চ ভূমিকা রাখে। ১৭ বছর ধরে ফ্যাসিস্টদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে দেশের মানুষ তাদের প্রতি বিমুখ হয়ে পড়ে। তারা জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গা নষ্ট করেছে।
শুক্রবার সকালে টাঙ্গাইলের পশ্চিম আকুর টাকুরপাড়ার হাউজিং মাঠে ‘হাউজিং প্রভাতী গ্রুপ’-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিদেশে গণঅভ্যুত্থান হয়েছে, যুদ্ধ হয়েছে—এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ হয়েছে। কিন্তু বিদেশের কোথাও এমন নজির নেই যে পুলিশ প্রশাসন একেবারে পালিয়ে গেছে। বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে এইবার প্রত্যেকটি থানায় পুলিশ ছিল না। তারা দলের হয়ে কাজ করেছে, অসংখ্য নেতাকর্মীকে গুম, হত্যা ও নির্যাতন করেছে।
টুকু বলেন, নিজের অপরাধবোধ থেকেই একদিনে তারা সবাই পালিয়ে গেছে। এরশাদও স্বৈরাচার ছিলেন, তাঁরও পতন হয়েছে, কিন্তু তখনও তাঁর লোকজন একদিনে উধাও হয়ে যায়নি। এই একমাত্র ফ্যাসিস্ট হাসিনার আমলেই দেখা গেছে—একদিনের মধ্যেই বাংলাদেশে কোথাও ফ্যাসিবাদের (আওয়ামী লীগ) লোক নেই।
এসময় উপস্থিত ছিলেন হাউজিং প্রভাতী গ্রুপের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, হাউজিং এস্টেটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হালিম, বিশেষ পিপি অ্যাডভোকেট শাহজাহান কবির, সদর উপজেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান প্রমুখ।
সভা শুরুর আগে সুলতান সালাউদ্দিন টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দ।
