লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা,স্বর্ণালংকার লুট
লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলেখা বেগম (৫৫) নামে এক মা ও তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত জুলেখা বেগম রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও মীম তাদের মেয়ে। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরন করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান সোনাপুর বাজারের বড় ব্যবসায়ী। বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিল। বাড়িতে মিজানের স্ত্রী জুলেখা ও মেয়ে মীম একা ছিল। সন্ধ্যার পর একপর্যায়ে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে জবাই করে হত্যা করে। পরে বাসায় থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। বাজার থেকে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে দেখে বাসার মেঝেতে মা এবং মেয়ের মরদেহ পড়ে আছে। মেঝেতে রক্ত ছড়িয়ে ছিল। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
ফারুক হোসেন নামে এক ব্যক্তি জানান, মা-মেয়েকে জবাই করে হত্যা করে দূর্বত্তরা পালিয়ে গেছে। ঘটনাটি খুব ভয়াবহ। ওই বাড়িতে বিপুলসংখ্যক পুলিশ ও আশপাশের লোকজন জড়ো হয়েছে।
রামগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা ঘটনাস্থলে আছি। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
