সার বিতরণে নতুন নীতিমালায় কৃষকের ভোগান্তি বাড়াবে: বিএফএ
সংগৃহীত
সার ডিলার নিয়োগ ও বিতরণসংক্রান্ত নতুন নীতিমালা কৃষককে ভোগান্তিতে ফেলবে বলে মনে করে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ), চাঁপাইনবাবগঞ্জ শাখার নেতৃবৃন্দ। তাদের দাবি- নতুন নীতিমালা অনুযায়ী কৃষকের দোরগোড়ায় সার পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়বে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের একটি রেস্তোরাঁয় বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিএফএ, চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ আকবর হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয়, সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন পত্র পত্রিকায় যতটুকু খবর বেরিয়েছে তাতে নতুন নীতিমালায় কৃষকের দোরগোড়ায় সার পৌঁছানো যাবে না। বরং কৃষককে তার জমি বা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে সার কিনে আনতে হবে।
নতুন নীতিমালা অনুযায়ী ডিলারের বাইরে আর কোনো খুচরা সার বিক্রেতা থাকবে না। কিন্তু খুচরা বিক্রেতাদের মাধ্যমে হাতের কাছে খুব সহজেই সার কেনার সুযোগ পান প্রান্তিক চাষীরা। এ সুযোগ বন্ধ হয়ে গেলে চাষীরা বিপাকে পড়বেন। নীতিমালা প্রণয়নের আগে বিএফএ’র জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মতামত গ্রহণের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।
এছাড়াও সংবাদ সম্মেলনে, মনোনীত প্রতিনিধির মাধ্যমে সার উত্তোলন, উৎস কর বাতিল ও কমিশন বাড়ানোর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএফএ’র জেলা সিনিয়র সহসভাপতি কাজী সেতাউর রহমান, সহ-সভাপতি দানিউল হক, সাধারণ সম্পাদক আব্দুল হাকিমসহ সার ডিলাররা।
নতুন নীতিমালায় যা থাকছে : সার ব্যবস্থাপনা নিয়ে নতুন নীতিমালায় বিএডিসি বা বিসিআইসির আলাদা ডিলারশিপ থাকছে না। সব ডিলার কৃষি মন্ত্রণালয়ের অধীন থাকবে। ইউরিয়া ও নন ইউরিয়া সার একই ডিলারের কাছ থেকে পাবেন কৃষক। অর্থাৎ শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) কোনো ডিলার থাকবে না। এছাড়াও নতুন নীতিমালায় থাকবে না খুচরা বিক্রেতা কিংবা তৃতীয় পক্ষ। কৃষক সরাসরি ডিলার কিংবা ডিলার মনোনীত দোকান থেকে সরকার নির্ধারিত দামে সার পাবেন। সেক্ষেত্রে ডিলারের সংখ্যাও বাড়ছে। বর্তমান নীতিমালা অনুযায়ী প্রতি ইউনিয়নে তিনজন করে ডিলার থাকলেও নতুন নীতিমালায় প্রতি ওয়ার্ডে একজন তথা প্রতি ইউনিয়নে ৯ জন করে ডিলার নিয়োগ করা হতে পারে।
বর্তমান নীতিমালায় বিসিআইসি ও বিএডিসির আলাদা ডিলার রয়েছে। ফলে ইউরিয়া ও নন ইউরিয়া সারের আলাদা ডিলার রয়েছে। তবে নীতিমালা পরিবর্তনের ফলে একই ডিলারের কাছে ইউরিয়া ও নন ইউরিয়া সার পাবেন কৃষক।
