অনলাইন জুয়ার নেশায় ঋণগ্রস্ত ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
লালমনিরহাটের আদিতমারীতে ঋণের বোঝা শোধ করতে না পেরে আত্মহত্যা করেছেন লিপন চন্দ্র দ্বীপ (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ভাটিটারি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত ভূপেন্দ্রনাথের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, লিপন চন্দ্র দ্বীপ ঢাকার ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। চাকরির পাশাপাশি তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। এর ফলে তিনি বিপুল ঋণের দায়ে জর্জরিত হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। ঋণ শোধে ব্যর্থ হয়ে ও পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে শুক্রবার গভীর রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
শনিবার সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
লিপনের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, লিপন ভদ্র ও মেধাবী স্বভাবের মানুষ ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে তিনি ডাচ বাংলা ব্যাংকে যোগ দেন। সম্প্রতি তিনি জনতা ব্যাংকে অফিসার পদে সুপারিশপ্রাপ্তও হয়েছিলেন। তবে অনলাইন জুয়ার আসক্তিই তার জীবনে এমন করুণ পরিণতি ডেকে আনে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
