জামায়াত ও চরমোনাই জাতীয় বেঈমান: এ্যানী
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দল জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত। তারা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করে তার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখায় বাংলাদেশের মানুষের কাছে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা আউটার স্টেডিয়ামে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামের ভূমিকা ১৯৯৬ সালে পুরো জাতিকে অসহযোগিতায় ফেলে দিয়েছিল। হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে তারাও একইভাবে জাতীয় বেঈমান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এ্যানি বলেন, “৫ তারিখের পর অনেকেই ব্যক্তিস্বার্থ উদ্ধার করছেন দলের নাম ব্যবহার করে। তাদের বলে দিচ্ছি—দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ উদ্ধার করা যাবে না। কেউ কেউ দলের নাম ভাঙিয়ে সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে আগামী নির্বাচনকে সামনে রেখে।”
লক্ষ্মীপুর সদর পূর্ব বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাঈল জবী উল্ল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন।
