গাইবান্ধা কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
সংগৃহীত
গাইবান্ধা জেলা কারাগারে আটক হাজতি আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৮) মারা গেছেন। গতকাল রবিবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মুন্নার পরিবারের অভিযোগ, কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মুন্না জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা।
মুন্নার ছেলে সৌমিক অভিযোগ করে বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে ছিলেন না, তবুও তাকে রাজনৈতিক মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, প্রথমে তার বাবাকে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়। ওই মামলায় জামিন পেলেও জেলগেটে পুলিশ তাকে অন্য একটি মামলায় আবার গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।
সৌমিক দাবি করেন, কারাগারে মুন্না অসুস্থ থাকা সত্ত্বেও তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে দেখা করার চেষ্টা করা হলেও অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, “কারাগারে বাবাকে নির্যাতন করা হয়েছে। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।”
এ বিষয়ে গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, আবু বক্কর সিদ্দিক মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলা রয়েছে। চলতি মাসের ২ তারিখে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তিনি আরও বলেন, মুন্না দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
রবিবার রাত সোয়া ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষের দাবি, মুন্নার চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা হয়নি। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
