ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুই সন্তানের জননীর মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২১নং ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর ৭ নম্বর ওয়ার্ডে বিষাক্ত সাপের কামড়ে রঞ্জনা রানী (২২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত রঞ্জনা রানী ওই এলাকার সঞ্জয় বর্মন (২৫)-এর স্ত্রী এবং দুই সন্তানের জননী। তাদের বড় সন্তান কন্যা এবং ছোট সন্তান মাত্র এক মাস বয়সী ছেলে।
জানা গেছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিদিনের মতো ঘর পরিষ্কার করছিলেন রঞ্জনা রানী। এসময় ঘর মুছতে গিয়ে হঠাৎই একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। মুহূর্তের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বামী, সন্তান ও স্বজনদের পাশাপাশি স্থানীয়রাও গভীর শোকে ভেঙে পড়েছেন।
