প্রবাসীর স্ত্রীর ঘরে আটক জামায়াত নেতা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন স্থানীয় যুব জামায়াত নেতা বিল্লাল হোসেন। তিনি সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে বিল্লাল হোসেনের পরকীয়া সম্পর্ক ছিল। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। সে সময় পরিবারের লোকজন তাকে হাতেনাতে আটক করে এবং পরে মারধর করে ছেড়ে দেন।
ঘটনাটি প্রথমদিকে গোপন রাখা হলেও মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে। পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, “সেদিন রাতে আমরা তাকে ঘরের ভেতরে পাই এবং আটক করি।”
এ বিষয়ে বিল্লাল হোসেন অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার চালানো হচ্ছে।”
কালীগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল হামিদ বলেন, “ঘটনার বিষয়ে আমার কিছু জানা নেই। তবে এ ধরনের ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
