ভূরুঙ্গামারীতে ভারতীয় পানিতে নিম্নাঞ্চল প্লাবিত, আমন আবাদ নিয়ে দুঃশ্চিন্তায় কৃষকরা
উত্তরের জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে উপজেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কৃষকদের চাষকৃত উঠতি আমন ধান এবং শীতকালীন আগাম বিভিন্ন সবজি ক্ষেত তলিয়ে গেছে। ফলে কৃষকরা চরম দুঃশ্চিন্তায় পড়েছেন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী সেতু পয়েন্টে ২৬ সে. মিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭ সে.মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী দুই দিনেও পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কয়েকদিনের অব্যাহত পানি বৃদ্ধিতে চরাঞ্চলের আবাদি জমিসহ দ্বীপচরগুলোও পানিতে তলিয়ে গেছে। খাল, বিল, নালা, ডোবা, পুকুর ও জলাশয়গুলো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। নিমজ্জিত হয়েছে কৃষকের সদ্য রোপা আমন ধান এবং বিভিন্ন শীতকালীন আগাম সবজি ক্ষেত।
উপজেলার সব নদ-নদীর পানি বৃদ্ধির ফলে সদর ইউনিয়নের নলেয়া, চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর, পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া ও পাইকডাঙ্গা, আন্ধারীঝাড় ইউনিয়নের চর ও বীর ধাউরারকুঠি, তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই এবং শিলখুড়ি ইউনিয়নের বিভিন্ন নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
কৃষকরা জানান, পানি আরও বৃদ্ধি পেলে ধানসহ অন্যান্য ফসলের ক্ষতি হবে। দ্রুত পানি নেমে গেলেও তারা ক্ষতিগ্রস্ত হবেন। ইসলামপুর গ্রামের কৃষক এনামুল ও পাইকেরছড়া এলাকার কৃষক এরশাদ আলী জানিয়েছেন, “নদীর পানি বাড়ার ফলে আমার প্রায় তিন বিঘা জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে।”
সোনাহাট সেতু পাড়ের বাসিন্দা আমজাদ হোসেন ও জহর আলী জানান, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে বাড়ির চারপাশ ভরে গেছে। এতে নদী পাড়ের মানুষ বন্যা আতঙ্কে রয়েছেন।
তিলাই ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, পানি বাড়ার সঙ্গে নদী ভাঙ্গনের তীব্রতা বেড়েছে। দক্ষিণ তিলাই খোঁচাবাড়ি এলাকায় গুচ্ছ গ্রামটি ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। চরভূরুঙ্গামারী ইউনিয়নের চেয়ারম্যান মানিক উদ্দিন জানান, ইসলামপুর গ্রামসহ বেশ কিছু নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, আগামী দুইদিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হারে বৃদ্ধি পেতে পারে। এ সময় তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
