বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও
বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেয় সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত আন্দোলনকারীরা নির্বাচন অফিসের সামনে অবস্থান পালন করেন। এই সময় কার্যালয়ের ভিতরে কাউকে ঢুকতে বা বের হতে দেখা যায়নি। তবে অতিরিক্ত পুলিশ ভেতরে অবস্থান নেয়।
অবস্থানকালে তারা দফায় দফায় খুলনা-বাগেরহাট মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, মঞ্জরুল হক রাহাদ, বিএনপি নেতা শাহেদ আলী রবি, আবুল কালাম আজাদ বুলুসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সর্বদলীয় সম্মিলিত কমিটি আজ ও আগামীকাল দুই দিনের জন্য ডাকানো আধাবেলা হরতালের কর্মসূচি প্রত্যাহার করে নতুন এই অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।
কমিটির কো-কমনভেনর ও জেলা বিএনপির সমন্বয়ক এম. এ. সালাম বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপূজায় ভোগান্তি এড়াতে দুই দিনের হরতাল বাতিল করে নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আসন পুনর্বহালের দাবিতে আজ জেলা ও সকল উপজেলার নির্বাচন অফিসে আন্দোলন শুরু হয়, যা দুপুর একটা পর্যন্ত চলে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, গত ৩০ জুলাই নির্বাচনী প্রস্তুতির সময় নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এর ফলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। চারটি আসন বহাল রাখার দাবিতে নেতাকর্মীরা কমিশনের শুনানিতে অংশ নেন। ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেটে নির্বাচন কমিশন সীমানা পরিবর্তন করে তিনটি আসন স্থির করার সিদ্ধান্ত নেয়। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ জানান, যদি কমিশন তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসে, তারা আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দিচ্ছেন।
