ভাঙ্গায় বিক্ষোভ-অবরোধ শনিবার পর্যন্ত স্থগিত
ফরিদপুর-৪ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানা বাতিল ও পুরোনো সীমানা বহালের দাবিতে চলমান মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা জানান, আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে শনিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা।
জেলা প্রশাসকের আশ্বাস এবং আসন্ন দুর্গাপূজায় মানুষের ভোগান্তি এড়ানোর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ইতোমধ্যে মহাসড়কে তিনটি ভ্রাম্যমাণ আদালতের দল কাজ করছে। জেলা প্রশাসক জানিয়েছেন, কেউ অবরোধের চেষ্টা করলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তা প্রতিহত করা হবে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এরই প্রতিবাদে ভাঙ্গায় স্থানীয়রা নানা কর্মসূচি পালন করছেন।
