তালাকের পর দুধ দিয়ে গোসলের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি
সংগৃহীত
বিয়ের ২৫ বছর পর স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে গেছেন। এর তিন মাস পর স্ত্রী তাকে তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এক কৃষক।
লিটন ফারাজি (৪৫) উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের বাসিন্দা। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি।
লিটন ফারাজি বলেন, “প্রায় ২৫ বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী গ্রামের লাভলী আক্তারকে বিয়ে করেছিলাম। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে চলে যাবে। কয়েক বছর ধরেই পারিবারিক কলহ চলছিল। প্রায় তিন মাস আগে স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে যায়। অনেক চেষ্টা করেও তাকে ফেরানো যায়নি। পরে জানতে পারি, সে আমাকে তালাক দিয়েছে। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি। আপনারা বিয়ে করার আগে মেয়ের পরিবার সম্পর্কে খোঁজ-খবর নিয়ে বিয়ে করবেন।”
লিটন ফারাজি ও লাভলীর সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে বিয়ে করেছেন।
বরকতপুর এলাকার বাসিন্দা হারুন মিয়া বলেন, “সংসারের অশান্তির কারণে তিন মাস আগে লাভলী বেগম তার বাবার বাড়িতে যান। সেখানে গিয়ে লিটন ফারাজিকে তালাক দিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছেন। এই খবর পেয়ে লিটন ফারাজি ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন।”
