সুন্দরগঞ্জে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, ১৪৪ ধারা জারি
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা ও আশপাশ এলাকায় এ ধারা বলবৎ থাকবে। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এ আদেশ জারি করেন।
আদেশ অনুযায়ী, পৌর এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্র চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ জানান, “১৪৪ ধারা সকাল ৬টা থেকে কার্যকর হয়েছে, রাত ১২টা পর্যন্ত তা বলবৎ থাকবে। মাঠে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করছে।”
এ বিষয়ে ইউএনও রাজ কুমার বিশ্বাস বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দুই গ্রুপের বিরোধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা ছিল। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অরাজকতা প্রতিরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
