মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫৮), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (২৭) এবং তার মামী রাহেলা বেগম (৫৫)। আহতরা হলেন আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩০) ও প্রাইভেট কার চালক ইব্রাহিম খলিল সুজন (৩৩)।
জানা গেছে, দুর্ঘটনায় মারা যাওয়া ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা কুয়েত প্রবাসী আলমগীর হোসেন সম্প্রতি দেশে ফিরেন। শুক্রবার পরিবার নিয়ে গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কাদরা গ্রামে বেড়াতে গিয়েছিলেন। বেড়ানো শেষে গতকাল রাতে তার মামী রাহেলা বেগমকে ডাক্তার দেখানোর উদ্দেশে ঢাকায় নিয়ে আসছিলেন তিনি। পথে তাদের প্রাইভেট কারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে আসলে পেছন থেকে একটি কাভার্ডভ্যানের ধাক্কা খায়। এতে প্রাইভেট কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময়ে আলমগীর হোসেনসহ ঘটনাস্থলেই মারা যান তিনজন। চালকসহ আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা।
গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক গণমাধ্যমকে বলেন, রাত ১টা ৫০ মিনিটে আমরা দুর্ঘটনার খবরটি পাই। খবর পাওয়ার ৫৫ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। হতাহত সবাইকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
