লালমনিরহাট সদরে মনোনয়নপত্র জমা দিলেন ১০ প্রার্থী
উপজেলা পরিষদ নির্বাচন
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর তৃতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের নির্বাচন। ওই নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা আগামী ২৯ মে ২০২৪। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন অবধি বিভিন্ন পদে মনোনয়ন জমা দিলেন ১০ জন প্রার্থী।
তন্মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন জমা দিয়েছেন ২ জন প্রার্থী।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন মো. কামরুজ্জামান সুজন ও মো. ইকবাল হোসেন (মামুন)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. হেলাল হোসেন, শ্রী হৃদয় চন্দ্র বর্মন, মো. রাকিবুল ইসলাম, মো. এরশাদুল করিম, মো. শিপলু হোসেন এবং মো. আশরাফ আলী। এছাড়াও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন লতিফা বেগম ও ইন্দ্রানী ভট্টাচার্য্য।
লালমনিরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং অফিসার মোছা. আফরোজা খাতুন সংবাদমাধ্যমকে জানান, তফশিল অনুযায়ী ৩য় পর্যায়ের মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ৮ মে এবং আপিল নিষ্পত্তি হবে ৯ থেকে ১১ মে। এছাড়াও ১২ মে পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৩ মে এবং সবশেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে ২০২৪।
