দোহারে দাঁতের চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ
ঢাকার দোহারে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন রাবেয়া আক্তার নামের এক গৃহবধূ। এ বিষয়ে তিনি গত ২৫ আগস্ট দুপুরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২৪ আগস্ট (রবিবার) দুপুরে উপজেলার জয়পাড়ায় অবস্থিত ‘আলিফ ডেন্টাল কেয়ার’-এ দাঁতের চিকিৎসা নিতে যান তিনি। চিকিৎসক প্রথমে জানান দাঁতে ক্যাপ বসাতে হবে এবং এর জন্য ৬ হাজার টাকা নেন। পরে ক্যাপ না বসিয়ে রুট ক্যানেল করেন। কিন্তু ক্যাপ বসানোর কয়েক ঘণ্টার মধ্যেই সেটি খুলে পড়ে যায়। আসলে সেখানে ক্যাপ বসানোই হয়নি বলে অভিযোগ করেন তিনি। পরদিন সকালে আবার সেখানে গেলে চিকিৎসকরা সঠিক চিকিৎসা না দিয়ে নানা অজুহাত দেখান।
সরেজমিনে গিয়ে জানা যায়, আলিফ ডেন্টাল কেয়ারে কয়েকজন চিকিৎসক কেবলমাত্র ডিপ্লোমা কোর্স শেষ করেই রোগীদের সেবা দিচ্ছেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুজন রোগী ভুল চিকিৎসার অভিযোগ করেন। এসময় মধ্যবয়সী এক রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাবা, আমরা সুস্থ হতে এসে যদি আরও অসুস্থ হই, তাহলে এমন চিকিৎসা করে লাভ কী? এরা তো ডাকাতের মতো টাকা নেয়।”
অভিযোগকারী রাবেয়া আক্তার বলেন, “আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমার মতো আর কোনো রোগী যেন প্রতারিত না হন, সে জন্য কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন করছি।”
এ বিষয়ে আলিফ ডেন্টাল কেয়ারের পরিচালক এম এ কুদ্দুস বলেন, “দাঁতে ক্যাপ বসালে সেটি খুলে যেতে পারে, এটি স্বাভাবিক। সব ডেন্টালেই এমন হতে পারে।” তবে বৈধ কাগজপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি কেবল ট্রেড লাইসেন্স দেখিয়ে বলেন, “এটি ছাড়া আর কোনো কাগজ নেই।”
দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রবিউল ইসলাম বলেন, “শুধু ট্রেড লাইসেন্সের মাধ্যমে আলিফ ডেন্টালে কী ধরনের সেবা দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখা হবে।”
অন্যদিকে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, “ডেন্টাল বিভাগের বিষয়টি স্বাস্থ্য কর্মকর্তা দেখবেন। প্রয়োজনে তারা যদি আমাদের সাহায্য চান তবে অভিযান চালানো হবে।” লিখিত অভিযোগ প্রসঙ্গে তিনি আরও জানান, “অভিযোগটি এখনো আমার হাতে আসেনি। ভুক্তভোগীর অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে।”
