অফিস আদেশ পেয়েও নিজ কর্মস্থলে ফিরছেন না সহকারী শিক্ষিকা ফারজানা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী ডেপুটেশন বা অন্য বিদ্যালয়ে সংযুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছর হলেও ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের ২৩ নং মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে ফারজানা প্রায় দুই বছর ধরে সংযুক্তিতে রয়েছেন ৩০ নং রাজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এ নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা গত ১১ আগস্ট উক্ত শিক্ষিকার প্রদত্ত সংযুক্তি বাতিল করে নিজ কর্মস্থলে যোগদানের জন্য অফিস আদেশ জারি করেছিলেন। তবে ফারজানা আদেশটি আমলে না নিয়ে এখনও সংযুক্তি বিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন।
জানা গেছে, ২০২৩ সালে ২৩ নং মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পবিত্র হজ পালনের জন্য মক্কা নগরীতে গেলে ফারজানা ডেপুটেশনে সদরের ৩০ নং রাজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের জন্য তখনকার শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। প্রধান শিক্ষিকার অনুপস্থিতি সুযোগ হিসেবে ফারজানা এই পদক্ষেপ নেন। পরবর্তীতে তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুনিবুর রহমান নিজ স্বাক্ষরিত ০২ জুলাই ২০২৩ তারিখের একটি অফিস আদেশে ফারজানাকে সংযুক্তি দিয়েছেন, যা পরে সহকর্মীরা অবৈধ বলে উল্লেখ করেছেন।
ফারজানার কয়েকজন সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সংযুক্তি দেওয়ার ক্ষমতা শুধুমাত্র মহাপরিচালকের কার্যালয়ের রয়েছে। মুনিবুর রহমান কীভাবে বা কোন স্বার্থে ফারজানাকে সংযুক্তি দিয়েছেন তা তিনিই ভালো বলতে পারবেন। পরে ফারজানা ২৪ সালের ১৬ মে মহাপরিচালক থেকে পুনরায় একই বিদ্যালয়ে সংযুক্তির জন্য অফিস আদেশ করান। বিধি অনুযায়ী সংযুক্তির বৈধতা এক বছর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৫ জানুয়ারি ২০২৫ সালের পরিপত্র অনুযায়ী সংযুক্তি এক বছরের বেশি হলে শিক্ষককে মূল বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়। ফারজানার সংযুক্তির মেয়াদ ১৫ মে পূর্ণ হওয়ার পরও তিনি নিজ কর্মস্থলে যোগদান করেননি। জেলা শিক্ষা অফিস ১১ আগস্ট অফিস আদেশে তাকে মূল বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দিলে, তিনি এখনও সংযুক্তি বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
শিক্ষিকা উম্মে ফারজানা জানান, “আমাকে উর্ধতন কর্তৃপক্ষ (ডিজি স্যার) এখানে মৌখিকভাবে থাকতে বলছেন, তাই আমি এখানেই ক্লাস নিচ্ছি।”
রাজাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন বলেন, “অফিস আদেশ ফারজানার কাছে পৌঁছে দিয়েছি। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে তাকে সংযুক্তি বিদ্যালয়ে থাকতে বলেছি। আশা করি এক সপ্তাহের মধ্যে বিষয়টি সমাধান হবে।”
