তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ আছে: দুদক কমিশনার
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী বলেছেন, দুর্নীতির মামলার তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে তাদের সরাসরি চাকরিচ্যুত করা হবে। সোমবার (২৫ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা দুদকের আয়োজনে দিনব্যাপী গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “আমরা সব অভিযোগের যাচাই-বাছাই করেছি। দুদকের তফসিলভুক্ত অপরাধের অভিযোগগুলো আমরা আমলে নিয়েছি। শুনানির মাধ্যমে অনেক অভিযোগের নিষ্পত্তি হয়েছে। এ ধরণের শুনানিতে মানুষ উপকৃত হবে বলে আমি আশাবাদী।”
তিনি আরও বলেন, “আজকের শুনানিতে টাঙ্গাইল বিআরটিএ, পাসপোর্ট অফিসসহ কয়েকটি দপ্তর উপস্থিত হয়নি। তাদের শোকজ করা হবে।”
এর আগে সকালে প্রথম অধিবেশনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী।
এসময় দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক ড. মোহাম্মদ জহিরুল হুদা, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, দুদকের মহাপরিচালক (তদন্ত-১) মুহাম্মদ রেজাউল করিম এবং মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বক্তব্য রাখেন।
দ্বিতীয় অধিবেশনে গণশুনানিতে জেলার বিভিন্ন বিষয়ে দুদকের কাছে আসা প্রায় দেড়শতাধিক অভিযোগ পর্যালোচনা করা হয়। এ সময় সরাসরি বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি করা হয় এবং মামলাসহ নানা জটিলতা নিরসনে পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে তদন্তের নির্দেশনা দেওয়া হয়।
দিনব্যাপী এ শুনানিতে উল্লেখযোগ্য প্রায় ৬০টি অভিযোগের বিষয়ে আলোচনা ও নিষ্পত্তি করা হয়।
অনুষ্ঠানে জেলার সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সেবাদাতা, সেবাপ্রত্যাশী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
