শিবচরে বিনামূল্যে দাঁতের চিকিৎসা পেল ৫০০ রোগী
মাদারীপুরের শিবচরে বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইয়ংয়ের উদ্যোগে শিবচর উপজেলা পরিষদ চত্বরে প্রভাতি কিন্ডার গার্টেন বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০ জন চিকিংসকের উপস্থিতিতে এসময় প্রায় ৫শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি ঔষধ, ব্রাশ ও পেস্ট বিতরণ করা হয়। ক্যাম্পে মেডিকেল সাপোর্টিং এ সহযোগিতায় ছিল মেডিপ্লাস।
চিকিৎসা শিবিরের চিকিৎসক এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, শিবচর আমাদের বাড়ি। শিবচরের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাই আজ ঢাকা থেকে এসেছি। এখানে দন্ত রোগের চিকিৎসা দিয়েছি। আমাদের কাছে ভালো লাগছে।
এ বিষয়ে ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজমুল হোসেন সবুজ বলেন, ওরাল হেলথ নিয়ে আমাদের দেশে অনেক অসচেতনতা বিদ্যমান। মানুষ অনেক কিছু জানেনা। তাই ওরাল হেলথকে গুরুত্ব দেয়না। এই অবস্থার পরিবর্তনে দেশের বিভিন্ন প্রান্তে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি ফ্রি চিকিৎসা দিয়ে আসছে জেসিআই ঢাকা ইয়াং। আমাদের স্বপ্ন একটাই, সকলের মুখে সুন্দর হাসি।
মেডিকেল ক্যাম্প আয়োজনের বিষয়ে জেসিআই ঢাকা ইয়াং এর লোকাল প্রেসিডেন্ট আনিকা দাইয়ান বলেন,আমাদের উদ্দেশ্য দেশের বিভিন্ন প্রান্তের নানা পেশার মানুষদের ফ্রিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা, দন্ত সেবা প্রদান করা। পাশাপাশি জেসিআই ঢাকা ইয়াং মানুষ সেবায় আরো অনেক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।
এসময় ক্যাম্পের সম্বন্নয়ক সরুপ বরুয়া ও ডা. সুরাইয়া কাসেম মুনসহ অন্যন্নরা উপস্থিত ছিলেন।
