অবশেষে রংপুরে মিললো বৃষ্টির সুখবর
টানা দাবদাহের পর রংপুরে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার দিনে বা রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে রংপুরে। এদিকে বৃহস্পতিবার সকালে রংপুরের আবহাওয়া শীতলের খবর জানান আবহাওয়া অধিদপ্তর।
এর আগে বুধবার দিবাগত জেলার বদরগঞ্জ, পীরগাছা ও মিঠাপুকুরে অতি সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পীরগাছা উপজেলার বাসিন্দা হাসান মিয়া বলেন, মাঝরাতে ফোটায় ফোটায় বৃষ্টি পড়তে শুরু করে। বেশিক্ষণ স্থায়ী না হলেও ঠাণ্ডা বাতাস স্বস্তি বইয়ে দিয়েছে।
বদরগঞ্জ উপজেলার বাসিন্দা রিয়াদ ইসলাম জানান, রাত দুইটার পর হঠাৎ বৃষ্টির শব্দ শুনতে পান তিনি। কিন্তু তৎক্ষণাৎ বৃষ্টি পরা বন্ধ হয়ে যায়। টানা দাবদাহের পর এটুকুই অনেক স্বস্তির বলে জানান তিনি।
রংপুর আবহাওয়া অধিদপ্তর জানায়, রাতে হঠাৎ বৃষ্টি হয়েছে, তবে কত মিলিমিটার তা পরিমাপ করা সম্ভব হয়নি। আবহাওয়ার পূর্বাভাসে রংপুর অঞ্চলে বৃহস্পতিবার দিনে বা রাতে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি ।
