মাদ্রাসা থেকে ফেরার পথে সড়ক দুর্টনায় প্রাণ গেল শিক্ষার্থীর
মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অটোররিকশার ধাক্কায় রবিউল ইসলাম রনি (১১) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১ মে বুধবার দুপুরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের ফকিরটারী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রবিউল ইসলাম ওই এলাকার সাজু-রোজিনা বেগম দম্পতির সন্তান বলে জানা গেছে।
আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো। দুপুরের খাবার খেতে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় মাল বোঝাই একটি দ্রুতগামী অটোরিকশার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, দুর্ঘটনায় আহত শিশুটিকে হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সড়ক দুর্টনায় আইনে থানায় একটি মামলা হয়েছে।
