চট্টগ্রামে মাদ্রাসা থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি মাদ্রাসার বাথরুম থেকে আরছা আক্তার (১১) নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে সাতকানিয়া থানার পুলিশ উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা এলাকার আল-কোরআন তাহফিজুল মডেল মাদ্রাসা থেকে ওই ছাত্রীর লাশটি উদ্ধার করে।
নিহত আরছা আক্তার উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ চরতীর আলীচানপাড়ার জিয়াউল হোসেনের মেয়ে। সে ওই মাদ্রাসার মহিলা শাখার হেফজ বিভাগের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন পাশের এক চাচির বাড়িতে বেড়াতে গিয়ে সন্ধ্যায় মাদ্রাসায় ফেরে। পরে রাত আনুমানিক ১০টায় বাথরুমে প্রবেশ করলে দীর্ঘক্ষণ পরও বাইরে না আসায় মাদ্রাসার ছাত্র শাখা থেকে শিক্ষকরা এসে বাথরুমের দরজা ভেঙে শিক্ষার্থীর ঝুলন্ত দেহ দেখতে পান। পরে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই মাদ্রাসার মাদ্রাসার শিক্ষক রাকিব জানান, মেয়েটি নতুন ভর্তি হয়েছে। সারাদিন চাচার বাড়িতে বেড়াতে গিয়েছিল সেখান থেকে সন্ধ্যায় ফিরে। রাতে বাথরুমে ঢুকে বের না হলে হুজুরদের জানানো হয়। তখন হুজুররা গিয়ে দরজা ভেঙে মেয়েটির গামছা পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সাথে সাথে সাতকানিয়া হাসপাতালে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, ভুক্তভোগী মেয়েটির গলায় আর কপালে দাগ ছিল। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ হাসপাতাল থেকে পেলে আমরা হাসপাতাল এবং ঘটনাস্থলে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
