চকোলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
চুয়াডাঙ্গা জেলার বেগমপুরে ৬ বছর বয়সী এক শিশুকে চকোলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সুন্নত আলী নামে এক দোকানদারের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামে শিশুকন্যার বাড়ির পাশের একটি দোকানে তাকে কৌশলে ডেকে ধর্ষণ করা হয় বলে এলাকাবাসী জানিয়েছে।
এ ঘটনায় কন্যা শিশুর পিতা বাদী হয়ে ওই রাতই দর্শনা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে দোকানি একই গ্রামের সুন্নত আলীকে (৬০) আটক করে। আজ বুধবার সকালে অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রাতে ওই শিশুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর মায়ের মোবাইল ফোনের জন্য মিনিট কার্ড কিনতে বাড়ির পাশে একটি দোকানে যায় শিশুটি। এসময় দোকানি সুন্নত আলী (৬০) কৌশলে শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করে। এতে ৬ বছর বয়সী শিশুটির রক্তক্ষরণ হয়ে গুরুতর আহত হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ধর্ষণের শিকার শিশুটি দোকানির কবল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে জানালে তারা দোকানি সুন্নত আলীকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ধর্ষক সুন্নত আলিকে আটক করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশু কন্যার পিতা বাদী হয়ে মামলা করেছে। ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সুন্নাতকে আজ বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
